দিনাজপুরে শিক্ষা সফর শেষে ফেরার পথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার অভিযোগ উঠেছে।
দিনাজপুরে শিক্ষা সফর শেষে ফেরার পথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার অভিযোগ উঠেছে।   ছবি: আরটিএনএন

দিনাজপুরে শিক্ষা সফর শেষে ফেরার পথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গতকাল রাত আনুমানিক ৮টার দিকে তিস্তা ব্রিজ টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, টোল আদায়কে কেন্দ্র করে বাসচালকের সঙ্গে টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেখানে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য ও টোল প্লাজার কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন এবং তার গায়ে হাত তোলেন বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে কয়েকজন ব্যক্তি শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

হামলায় অন্তত ৯ জন আহত হন। গুরুতর আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।