ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সূরা আল-কাহফে উল্লেখিত ঘটনাবলী ও যুলকারনাইন: একটি ইতিহাসতাত্ত্বিক বিশ্লেষণ’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সূরা আল-কাহফে উল্লেখিত ঘটনাবলী ও যুলকারনাইন: একটি ইতিহাসতাত্ত্বিক বিশ্লেষণ’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।   ছবি: আরটিএনএন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সূরা আল-কাহফে উল্লেখিত ঘটনাবলী ও যুলকারনাইন: একটি ইতিহাসতাত্ত্বিক বিশ্লেষণ’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বিভাগের পিএইচডি গবেষক হাসান ইয়াহইয়া তার গবেষণা প্রবন্ধ “সূরা আল-কাহফে উল্লেখিত ক্ষমতার স্বরূপ-প্রকৃতি এবং শিক্ষা: একটি বিশ্লেষণমূলক পর্যালোচনা” উপস্থাপন করেন।

আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি ও গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো. আকতার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. সেকান্দার আলী। সেমিনারটি উপস্থাপন ও সঞ্চালনা করেন অধ্যাপক ড. ওয়ালী উল্লাহ।

এ সময় আলোচনায় অংশ নেন থিওলজি অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. সোলায়মান, আস-সিরাহ আন-নববিয়্যাহ বিভাগের সভাপতি অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. জাকির হোসাইন, অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান ও অধ্যাপক ড. মুজাহিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

সেমিনারে বক্তারা গবেষণা প্রবন্ধের বিষয়বস্তু, গবেষণা পদ্ধতি ও বিশ্লেষণ নিয়ে মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শ দেন। তারা কুরআনভিত্তিক গবেষণাকে আধুনিক একাডেমিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপনের উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন। শেষে গবেষক হাসান ইয়াহইয়া উপস্থিত শিক্ষকদের মতামত, দিকনির্দেশনা ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।