দায়িত্ব নিলেন ইবির নতুন উপাচার্য ড. মতিনুর রহমান
ইবির নতুন উপাচার্য ড. মতিনুর রহমান ।   ছবি: আরটিএনএন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। তার যোগদানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় নতুন অভিভাবক পেল। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন।

শুক্রবার (১৫ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান নবনিযুক্ত উপাচার্য। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম, ইউট্যাব সভাপতি ড. তোজাম্মেল হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ বীর শহীদ এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯৭৯ সালের ২২ নভেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। এটি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করলেও বিভিন্ন সময়ে সেই লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটেছে। আমি চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে ইতিবাচকভাবে আরও এগিয়ে নিতে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পান লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

তিনি সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, প্রেস প্রশাসক, বিভাগীয় সভাপতি, অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউট্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইবি সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।