বিবাহবন্ধনে ডাকসু ভিপি সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়।   ছবি: আরটিএনএন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ আকদ সম্পন্ন হয়। রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আজ রাতে বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হবে।

আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসু ও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

আকদ অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।

ডাকসু সূত্র জানায়, সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।

বিয়েকে কেন্দ্র করে এরই মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র বিতরণ করেছেন সাদিক কায়েম। এদিকে বিয়ের কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ডাকসুর নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।