টাইব্রেকারে জবিকে হারিয়ে পরবর্তী রাউন্ডে রুয়েট
জবিকে টাইব্রেকারে হারিয়ে জয়োল্লাসে মেতেছে রুয়েট ।   ছবি: আরটিএনএন

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) টাইব্রেকারে হারিয়ে জয়োল্লাসে মেতেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করল রুয়েট ফুটবল দল।

বুধবার (১৩ মে) নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই জালের দেখা পায়নি। মাঠের লড়াইয়ে উভয় দল সমানে সমান লড়লেও রক্ষণভাগের দৃঢ়তায় গোলশূন্য ড্রতে শেষ হয় নির্ধারিত সময়। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপে জয়ী হয়ে ৩-১ ব্যবধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে রুয়েট।

পুরো ম্যাচে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আবু হুরাইরা কৌশিক।

দলের এই সাফল্যের নেপথ্যে নেতৃত্ব দিয়েছেন সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ও অধিনায়ক তানভীর রেজা নিলয়।

রুয়েট ফুটবল দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দনের বন্যায় ভাসছেন ফুটবলাররা। পরবর্তী রাউন্ডেও জয়ের এই ধারা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।