ঢাবিতে ছাত্রশিবিরের ‘কুরআন সন্ধ্যা’ অনুষ্ঠিত
ঢাবিতে ছাত্রশিবিরের ‘কুরআন সন্ধ্যা’ অনুষ্ঠিত।   ছবি: আরটিএনএন

ঐতিহাসিক ‘কুরআন দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় অনুষ্ঠিত হয়েছে ‘বটতলায় কুরআন সন্ধ্যা’। 

সোমবার (১১ মে) বাদ আসর শুরু হওয়া এ আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক এবং সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল বলেন, “ঐতিহাসিক কুরআন দিবসের প্রেক্ষাপট আমাদের জন্য সবসময়ই অনুপ্রেরণার। বিগত ফ্যাসিবাদী শাসনামলে এই ক্যাম্পাসেই কুরআন তিলাওয়াত বা গণইফতার আয়োজনের কারণে শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করে হেনস্তা করা হয়েছে। আজ সেই রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে ক্যাম্পাস মুক্ত হয়েছে।”

সভাপতির বক্তব্যে মুহা. মহিউদ্দিন খান ১৯৮৫ সালের প্রেক্ষাপট স্মরণ করে বলেন, “কুরআনের পক্ষের শক্তি যেমন বিশ্বজনীন, এর শত্রুরাও বিশ্বজনীন। ১৯৮৫ সালে কুরআন বিদ্বেষী শক্তির গুলিতে যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদের সেই মহান কুরবানির প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের আজকের এই আয়োজন।”

বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বটতলা ও আশপাশের এলাকায় ঢাবি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সুমধুর তিলাওয়াতে পুরো বটতলা চত্বরে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। এছাড়াও দেশের প্রথিতযশা ক্বারীবৃন্দ ও শিল্পীবৃন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, ইসলামী সঙ্গিত পরিবেশন করেন।