ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন
ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন।   ছবি: সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার ভেতরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিও জানানো হয় কর্মসূচি থেকে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সমিতির বর্তমান সদস্যদের পাশাপাশি সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশ নেন। বক্তারা বলেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে মামলা গ্রহণ ও আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।

কর্মসূচিতে সংহতি জানান ঢাকা সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাবেক শিক্ষার্থী নেতারা।

মানববন্ধনে শহিদুল ইসলাম বলেন, গণমাধ্যম যদি সত্যের পরিবর্তে শক্তির পক্ষে অবস্থান নেয়, তবে সমাজ ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি বলেন, ঘটনার পরও এখনো মামলা গ্রহণ না হওয়া উদ্বেগজনক। তিনি দ্রুত মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হামলাকারী শিক্ষার্থীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল অভিযোগ করেন, বিচার চাইতে গিয়ে শাহবাগ থানায় গিয়েও দীর্ঘ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাক্ষাৎ পাননি তারা।

এ ছাড়া বক্তারা বলেন, অতীতে বিভিন্ন আন্দোলনে সাংবাদিকরা সহযোগিতা করলেও এখন তাদের ওপরই হামলা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা অভিযোগ করেন, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

সমিতির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার না হলে সারা দেশের ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নবনির্বাচিত সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার পর প্রতিবাদ জানালে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছে দেওয়া দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।